আদালত প্রতিবেদকঃ ব্যবসায়ীকে বায়তুল মোকাররমে মারধরসহ ৩০ হাজার টাকা চুরির মামলায় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার ইন্সপেক্টর হাবিবুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেন। বুধবার সন্ধ্যার পর রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।২০২৪ সালের ৫ অগাস্টে পটপরিবর্তনের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তার অনুসারী ও বিরোধীদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে সংঘর্ষ হয়। এর দুদিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি বায়তুল মোকাররমের খতিব পদ হারান।