আদালত প্রতিবেদকঃ- সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার আদাবর থানার গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন। গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান তাকে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য গতকাল দিন ধায করে।গত বছরের ২৫ জুন কাজী হাবিবুল আউয়ালকে জনগণের ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে তিন দিনের রিমান্ড নেয় ডিবি পুলিশ।এর পর থেকে তিনি কারাগারেই ছিলেন।গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় ছিলেন সাবেক এ সিইসি।গ্রেফতার দেখানো মামলার অভিযোগ থেকে জানাযায়, ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ২০২৪ সালের ২২ অগাস্ট আদাবর থানায় এ মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।