মােঃ জানে আলম সাকী, ঢাকা:- ডোপ টেস্টে মাদকের উপস্থিতি ধরা পড়ায় পুলিশ সদর দফতরে সংযুক্ত পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। গত ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি স্বাক্ষরিত হয় এবং ১৪ সেপ্টেম্বর সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।
ঘটনার বিবরণ:
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত `ডিএসএসসিএসসি-২০২৪` কোর্সে অংশ নিতে পুলিশ সদর দফতর থেকে যোগ দেন। কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হলে শরীরে বেনজোডায়াজেপিনস ও অ্যাম্পফিটামিন/মেথঅ্যাম্পফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।
বিভাগীয় পদক্ষেপ:
ডোপ টেস্টের এই ফলাফল কোর্সের শৃঙ্খলা পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।