মােঃ জানে আলম সাকী, ঢাকা : বিএনপির অন্যতম প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে পুরোনো নেতাদের ওপরই আস্থা রেখেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
আজ বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন ও ঘোষণার কথা জানানো হয়।
ঘোষিত এই কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া রেজাউল কবিরকে (পল) জ্যেষ্ঠ সহসভাপতি এবং মো. কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে পদের বিন্যাসে রয়েছে ২৯ জন সহসভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহসাধারণ সম্পাদক, ১২ জন সহসাংগঠনিক সম্পাদক এবং ৫ জন আইনবিষয়ক সম্পাদক। এছাড়া কমিটিতে মাত্র ১১ জনকে সদস্য করা হয়েছে, যাঁদের মধ্যে পাঁচজন সদস্যকে সহসাধারণ সম্পাদকের পদমর্যাদা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্য সহসভাপতিরা হলেন— জিয়াউর রহমান, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম (দুলাল), শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ (দিপু), আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস (মুরাদ), রফিক আহমেদ (ডলার), সাইদ ইকবাল মাহমুদ (টিটু), মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান, জাকির হোসেন (উজ্জ্বল), এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম, মো. আনোয়ারুল হক, আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র), রহিম উদ্দিন (যুক্তরাজ্য), ফেরদৌস আহমেদ (মুন্না), তরিকুল ইসলাম (টিটু), লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম (সুমন), আজিজুর রহমান আকন্দ এবং নূরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)।
যুবদলের নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বর্তমানে পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর ওপর আস্থা রাখায় বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সৌদি আরব থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘কথায় আছে না, পুরোনো চাল ভাতে বাড়ে। আমি বলব, পুরোনোদের অভিজ্ঞতার পাশাপাশি আস্থা ও বিশ্বাসের একটা বিষয় আছে। আশা করি, যুবদল সে আস্থার প্রতিদান দিতে সক্ষম হবে।’
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও আজ যুবদলের এই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে পোস্ট করা হয়েছে।