মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত জিসানের বড় ভাই কাইছার হামিদ বাদী হয়ে চকরিয়া থানায় এ মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলায় প্রবাসী চার ভাই ও দুই নারীসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত রবিবার রাত ১১টার দিকে ছাত্রদল নেতা জিসান চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা থেকে মোটরসাইকেল যোগে কাকারা ইউনিয়নের লোটনি গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে কাকারা সড়কের ‘ছাবেরের দোকান’ নামক স্থান থেকে একদল সন্ত্রাসী মাইক্রোবাসে তুলে তাঁকে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় ন্যাশনাল পার্কের রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।