মােঃ জানে আলম সাকী, ঢাকা:- ২৯ সেপ্টেম্বর। ২০১২ সালের এই দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হামলায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল রামুর ইতিহাস-ঐতিহ্যের বহু প্রাচীন নিদর্শন। ক্ষতিগ্রস্ত হয়েছিল বৌদ্ধ সম্প্রদায়ের উপাসনালয় ও বসতবাড়ি; যার ফলে চরম আঘাতপ্রাপ্ত হয়েছিল রামুর দীর্ঘদিনের অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন।
ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও রামুর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের হৃদয়ে সেই ক্ষত আজও অমলিন। ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা এখনও বয়ে বেড়াচ্ছেন তারা।
এ উপলক্ষে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নিতে গতকাল ২৯ সেপ্টেম্বর রামু সীমা বিহারের শ্রদ্ধেয় ভান্তে শীলুপ্রিয় মহাথেরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা নেতৃবৃন্দ।
এসময় এনসিপি-র একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন:
এস এম সুজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, এনসিপি চট্টগ্রাম বিভাগ;
রায়হান কাশেম, সাংগঠনিক সম্পাদক, এনসিপি কক্সবাজার জেলা;
খালিদ বিন সাঈদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি কক্সবাজার জেলা;
আসিফ বাপ্পি, আহ্বায়ক, যুবশক্তি কক্সবাজার জেলা; এবং
যায়েদ বিন আমান, সদস্য সচিব, ছাত্রশক্তি কক্সবাজার জেলা।
সাক্ষাৎকালে ২০১২ সালের হৃদয়বিদারক রামু ট্র্যাজেডির ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করা হয়। সেই সাথে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বৌদ্ধ সম্প্রদায়ের ন্যায্যবিচার নিশ্চিত করার দাবিতে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, রামুর দীর্ঘদিনের সম্প্রীতি, সহাবস্থান পুনরুজ্জীবিত করা ও বিচার নিশ্চিত করাই তাঁদের মূল অঙ্গীকার।