মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
একই সাথে, মাঠপর্যায়ের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন ও সিনিয়র নেতাদের উদাসীনতা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা, সাবেক কাউন্সিলর ও বর্তমান জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান সারওয়ার টিপু।
এক বিবৃতিতে ওসমান সারওয়ার টিপু বলেন, "আজ বড় কষ্টের বিষয়, সিনিয়র নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, কিন্তু ত্যাগী কর্মীদের কোনো খোঁজই রাখেন না। এক যুগেরও বেশি সময় ধরে যারা রাজপথে নিজেদের পকেটের টাকা খরচ করে, রক্ত ও ঘাম ঝরিয়েছে এবং অসংখ্য মামলা-হামলার শিকার হয়েছে, আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত।"
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "বাস্তবতা হলো, প্রশাসনের কাছে দলীয় পরিচয় দিলে কোনো সম্মান পাওয়া যায় না, বরং তারা আরও কঠোর আচরণ করে। কারণ প্রশাসনের ৯০ ভাগ জুড়ে এখনও বিগত আওয়ামী সরকারের দোসররা বসে আছে। অথচ আমাদের কিছু নেতা নিজস্ব সুযোগ-সুবিধা পেয়েই সন্তুষ্ট। এই সুযোগে প্রশাসন ত্যাগী কর্মীদের সামান্য ভুলকেও বড় অজুহাত বানিয়ে হয়রানি ও শাস্তি দিচ্ছে।"
নেতৃত্বের এই ধরনের ব্যর্থতার সমালোচনা করে তিনি সতর্ক করে বলেন, "নেতাদের এই উদাসীনতা ও ত্যাগী কর্মীদের প্রতি অবহেলা মূলত দলকে পতনের দিকে নিয়ে যাওয়ার এক গভীর কৌশল।"
তিনি দ্রুত জিসান হত্যার ন্যায়বিচার সুনিশ্চিত করা এবং রাজপথের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার জন্য দলের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়।