মােঃ জানে আলম সাকী, ঢাকা:- বাংলাদেশ যখন অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক মূল্যায়ন করছে, তখন অপশক্তিগুলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, "একদিকে এক পলাতক স্বৈরাচার বলে ডিসেম্বরে আসবে, অন্যদিকে আরেকদল লোক বলে ডিসেম্বরে সরকার পতন করা হবে। আসলে পলাতক ও পরাজিত শক্তি এক হওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ এ ধরনের ভয় সরকার করে না।"
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়।
সরকারি জমি পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষা
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, "সরকারের এক ইঞ্চি জমিও কোনো অবৈধ দখলদারের দখলে থাকতে দেওয়া হবে না। দখল হওয়া সব জমি উদ্ধার করে সরকারি ও জনগণের স্বার্থে ব্যবহার করা হবে।" তিনি আরও আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি বা হবে না যা দেশের জন্য ক্ষতিকর, এবং সাধারণ জনগণকেও দেশের ক্ষতি হয় এমন কোনো কাজে জড়িত না হওয়ার আহ্বান জানান।
সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা
দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, "আমরা যখন দেশের সমৃদ্ধি ও উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছি, তখন ৭১-এর পরাজিত শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। একদল জান্নাতের টিকিট বিক্রি করে লাভ না হওয়ায় এখন এদেশের মানুষদের দোজখে নিতে চায়।"
এর আগে প্রতিমন্ত্রী তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা প্রশাসক রায়হান কবিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।