মােঃ জানে আলম সাকী, ঢাকা:- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের স্বাক্ষরিত চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন ও সম্পদের বিস্তারিত বিবরণ সরবরাহের অনুরোধ জানানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, নতুন কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এই পদক্ষপ নেওয়া হয়েছে।
দেশ ও বিদেশের সম্পদের অনুসন্ধানে দুদক
- দেশীয় ব্যাংক হিসাব: দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা তাদের সঞ্চয়ী, চলতি হিসাব, ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, ঋণ, সঞ্চয়পত্র, এফডিআর ও ডিপিএসসহ যাবতীয় রেকর্ড পর্যালোচনা করা হবে।
- আন্তর্জাতিক অনুসন্ধান: পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়, সেল কোম্পানি গঠন ও অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সংস্থার সহায়তা চাওয়া হচ্ছে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে থাকাকালে নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগে দুদকের তদন্ত শুরু হয়। পরবর্তীতে গত ১৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে সিটি করপোরেশনে নিয়োগ, ডিসি পদায়ন, টেন্ডার প্রক্রিয়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে ঘুষ লেনদেনের অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে গভীরভাবে যাচাই করা হচ্ছে।