মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার পৌরসভায় গৃহকত্রীকে খাবারের সঙ্গে চেতনাশক সেবন করিয়ে আনুমানিক সাড়ে ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও দুটি দামী মোবাইল ফোন চুরির অভিযোগে রাফি মনি (১৫) নামে এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। একই সাথে চোরাইকৃত বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১:৩০ মিনিটে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা আফরিনা আল মাছিনের (৩৮) বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের প্রতিদিনের খাবারের সুযোগ নিয়ে তাদের গৃহকর্মী রাফি মনি গৃহকত্রীকে দুধ ও পানির সাথে চেতনাশক দ্রব্য সেবন করায়। পরে গৃহকত্রী অচেতন হয়ে পড়লে বাসা থেকে আনুমানিক ৬ ভরি ৪ আনা স্বর্ণালঙ্কার এবং ১টি আইফোন ১৬ ও ১টি অপ্পো (Oppo) অ্যান্ড্রয়েড ফোন চুরি করে পালিয়ে যায়।
পরদিন ১৪ সেপ্টেম্বর সকালে ঘটনাটি জানার পর কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি অবহিত হলে পুলিশের একাধিক অভিযানিক টিম কক্সবাজারের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। দীর্ঘ সময় অভিযান পরিচালনার পর গৃহকর্মী রাফি মনিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটকের পর তার হেফাজত থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
গ্রেপ্তারকৃত রাফি মনি (১৫), পিতা- আবদুর রহমান, মাতা- জোসনা আক্তার। সে কক্সবাজার সদর থানার পিএমখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ধনখালী (ঘোনার পাড়া) এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত মালামাল:
- স্বর্ণালঙ্কার:
- ১ জোড়া স্বর্ণের চুড়ি (ওজন: ২ ভরি ৩ পয়েন্ট)
- ১টি স্বর্ণের আংটি (ওজন: ৪ আনা ২ রতি)
- ২ জোড়া কানফুল (ওজন যথাক্রমে: ২ আনা ৩ রতি এবং ১ আনা ২ রতি ৩ পয়েন্ট)
- ১টি স্বর্ণের চেইন (ওজন: ১ ভরি ১২ আনা ৪ রতি)
- মোবাইল ফোন:
- ১টি iPhone 16
- ১টি Oppo RENO 8T
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।