মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে অপহৃত এক যুবককে উদ্ধারসহ দুই মানব পাচারকারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে পাচারকারীদের আস্তানায় তল্লাশি চালিয়ে প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম "মানবাধিকার খবর " কে জানায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চকরিয়া থানার চকরিয়া এলাকার দুলহাজারা ইউনিয়ন থেকে শাহরিয়া নোমান নাইম নামের এক যুবককে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফ থানার রাজারছড়া এলাকার একটি মানব পাচারকারীর আস্তানায় আটকে রাখা হয়।
এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম শাহরিয়া নোমানকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ জন মানব পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫)।
আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর যৌথ অভিযানিক দল আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত টেকনাফ সদরের রাজারছড়া ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালায়। এই সাঁড়াশি অভিযানে মানব পাচারকারীদের প্রায় ২০টি গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম জানিয়েছেন।