মােঃ জানে আলম সাকী,ঢাকা:-কক্সবাজার শহরের সিটি কলেজের সামনে গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব, বিশৃঙ্খলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একরাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আব্দুল মনসুর লুদুকে (৪৫) গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মনসুর লুদুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সিটি কলেজের সামনে পৌঁছায়। তারা এলাকায় হঠাৎ তাণ্ডব চালিয়ে তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে একরাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
গ্রেফতারকৃত লুদু শহরের হাসেমিয়া মাদ্রাসা এলাকার মৃত আব্দুর সবুর সওদাগরের ছেলে। পুলিশ জানায়, তিনি এলাকায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঘটনার বিস্তারিত জানিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী একটি গণমাধ্যমকে বলেন, "ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল মনসুরকে গ্রেফতার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের সনাক্ত ও গ্রেফতার করতে জোর পুলিশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।"
তিনি আরও জানান, গুলিবর্ষণে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আটক আসামিসহ জড়িত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।