মানবাধিকার খবর প্রতিবেদন:-জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদের গনি চৌধুরী।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক পদায়ন করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে তিনি বিদায়ী এমডি ও প্রধান সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ধারা ১০ (১) অনুসরণ করে কাদের গনি চৌধুরীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, এই দায়িত্ব পালনের সময় তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। চুক্তিপত্রের মাধ্যমে নিয়োগের অন্যান্য বিষয় নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
কাদের গনি চৌধুরী দীর্ঘ সময় ধরে পেশাদার সাংবাদিকতা এবং সাংবাদিক অধিকার রক্ষায় শীর্ষ স্তরে দায়িত্ব পালন করে আসছেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা এবং প্রভাবমুক্ত সাংবাদিকতার সমর্থনে বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি সক্রিয় ও জোরালো ভূমিকা রেখে চলেছেন।