মােঃ জানে আলম সাকী,ঢাকা:- রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে `ডিএল পেট্রোল পাম্প`-এর ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার সকাল ১০টা থেকে ১০:৩০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এই ঘটনাটি ঘটে।প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন তাসীন আক্তার হক ডেল। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন এবং সাবেক মন্ত্রী মরহুমা খুরশীদ জাহান হকের ছোট ছেলে। ঘটনার বিষয়ে পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পূর্বপরিকল্পিত হামলার সন্দেহ:
প্রতিদিন সকালে পাম্পের বিক্রির টাকা ব্যাংকে জমা দেওয়ার নিয়ম রয়েছে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের জমে থাকা বিপুল পরিমাণ টাকা একসাথে ব্যাংকে নেওয়া হচ্ছিল। গাড়িটি উত্তরা র্যাব-১ কার্যালয়ের দক্ষিণ পাশে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা গাড়িতে ধাক্কা দিয়ে গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। ছিনতাইকারীরা আগে থেকেই টাকা বহনের নির্দিষ্ট সময় ও রুট সম্পর্কে জানত কিনা, তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
তদন্ত ও বর্তমান অবস্থা:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, মামলার পর জড়িতদের শনাক্ত করা, ব্যবহৃত মোটরসাইকেল চিহ্নিতকরণ এবং ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।