মােঃ জানে আলম সাকী,ঢাকা:- বরিশালে সফররত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যাওয়ার পথে হিজলা উপজেলায় এক ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ ঘটনার মুখোমুখি হয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হিজলা থেকে নেতাকর্মীদের নিয়ে রওনা দেওয়া একটি যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকে যাওয়ার পর, তাদের উদ্ধার করতে গিয়ে অতিরিক্ত যাত্রীর চাপে একটি ইঞ্জিনচালিত নৌকা নদীতে ডুবে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনা নদীর একটি শাখা নদীতে এই ঘটনা ঘটে।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হিজলা উপজেলার দুটি ঘাট থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে `অভিযান-৫` নামের একটি অভ্যন্তরীণ লঞ্চ পুরাতন হিজলা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। ঘাটের কাছাকাছি পৌঁছালে লঞ্চটি হিজলার বাউশিয়া এলাকার একটি ডুবোচরে আটকে যায়।
লঞ্চটি আটকে যাওয়ার পর লঞ্চে থাকা নেতাকর্মীদের তীরে বা বিকল্প উপায়ে গন্তব্যে নিয়ে আসার জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা এগিয়ে যায়। কিন্তু নৌকায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী উঠে পড়ায় মাঝনদীতে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। তবে তাৎক্ষণিকভাবে অন্য সবার সহযোগিতায় যাত্রীরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, লঞ্চটি আটকে যাওয়ার পর তারা কিছুটা বিপাকে পড়লেও পরবর্তীতে বিকল্প উপায়ে স্পিডবোটে করে তারা বরিশাল নগরীতে পৌঁছান। সেখানে পৌঁছে তারা পূর্বনির্ধারিত অনুযায়ী প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল আরও জানান, নৌকা ডুবির এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা কেউ নিখোঁজ হওয়ার মতো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।