মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বন্ধ নয়, নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা: সড়ক পরিবহনমন্ত্রী
  Date : 14-07-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক পুরোপুরি বন্ধ না করে, এগুলোকে একটি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল নীতিমালার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। রাজধানী ঢাকা ও দেশজুড়ে এসব যানবাহনের অতিরিক্ত বৃদ্ধি, তীব্র যানজট এবং সড়ক দুর্ঘটনা রোধে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে একটি সমন্বিত নির্দেশনা ও নীতিমালা আসতে যাচ্ছে।

​ সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২৩তম দিনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের সম্পূরক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদকে এই তথ্য জানান।

​নতুন নীতিমালার পরীক্ষা-নিরীক্ষা চলছে

​সংসদে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকা সিটিতে একটি আধুনিক মাল্টিমোডাল বা বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সরকার সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যার অংশ হিসেবে এই ব্যাটারিচালিত যানগুলোর নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনা কেমন হতে পারে, তা নিয়ে বর্তমানে উচ্চপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

​তিনি উল্লেখ করেন, ঢাকা মহানগরীর অভ্যন্তরীণ এই যানগুলো মূলত সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে, যেখানে যোগাযোগ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপের সুযোগ কম। তবে ঢাকার সামগ্রিক যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার বসে নেই। খুব শীঘ্রই ঢাকা সিটিসহ সারা বাংলাদেশের ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ অথবা সুচারুভাবে পরিচালনার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা জারি করা হবে। যার আলোকে পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও সরকার সমন্বিতভাবে কাজ করবে।

​জলবায়ু পরিবর্তন ও গণপরিবহন রূপান্তরের প্রস্তাব

​এর আগে সংসদ সদস্য শওকত আরা আক্তার তার নোটিশে দেশের ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ হ্রাস করতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের সকল গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর করার জোরালো প্রস্তাব উত্থাপন করেন।

​তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ বৃদ্ধির কারণে বাংলাদেশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার মতো সংকট তৈরি হচ্ছে। পরিবহন খাত থেকে দেশে বছরে প্রায় ১১.৬ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়, যার সিংহভাগই আসে সড়ক পথের ডিজেলচালিত বাস ও ট্রাক থেকে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তিনি স্থায়ী সমাধান হিসেবে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গণপরিবহনকে বৈদ্যুতিক যানবাহনে রূপান্তর, সিএনজি-এলএনজির ব্যবহার বৃদ্ধি এবং সবুজ হাইড্রোজেন ও সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।

​চালক ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিও বিবেচনায়

​পরবর্তীতে সম্পূরক প্রশ্নে শওকত আরা আক্তার ঢাকার রাস্তায় তীব্র যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে লাখ লাখ ব্যাটারিচালিত অটো রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে দায়ী করেন। তবে তিনি একই সাথে উল্লেখ করেন যে, কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানো এবং চালকের শারীরিক পরিশ্রম কম হওয়ার কারণে যাত্রী ও চালক উভয়ই এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই পরিবেশবান্ধব এই বাহনগুলোকে পুরোপুরি বন্ধ না করে, এগুলোর মান উন্নয়ন এবং নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এনে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা তা মন্ত্রীর কাছে জানতে চান।

​এর জবাবেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধ না করে সুশৃঙ্খল নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রণে আনার এই ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
৩৩ কিলোমিটার পাইপ বসিয়েও পানি মেলেনি এক ফোঁটাও
২৫ বছরের আগে পদত্যাগ করলে সরকারি কর্মচারীরা পেনশন পাবেন না: আপিল বিভাগ
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যাওয়ার পথে বিপত্তি: ডুবোচরে আটকা লঞ্চ, উদ্ধার করতে গিয়ে ডুবল নৌকা
দেশের বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308