মােঃ জানে আলম সাকী,ঢাকা:- গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৩ জুলাই) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘কথিত অর্থপাচারের মামলায় রবিবার (১২ জুলাই) রাতে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা হয়েছে।’ এতে উল্লেখ করা হয়, বেশ কিছুকাল ধরে উগ্র সাম্প্রদায়িক মহল রামমূর্তি নির্মাণের বিরোধিতা করে আসছে, যা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশজুড়ে অহেতুক ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসানে তাদের বিরুদ্ধে কোনোরূপ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করে, সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। এই পদক্ষেপ গণতন্ত্র ও আইনের শাসনের নির্লজ্জতম পরিপন্থী।
এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।