মােঃ জানে আলম সাকী,ঢাকা:- দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে অটল থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নেট দুনিয়ায় সাধারণ নেটিজেনদের পাশাপাশি ছাত্রদলের অনেক নেতাও তার এই সিদ্ধান্তের সমালোচনা করে পোস্ট দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় এবার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পরিবর্তন চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে লড়ে আলোচনায় আসা শামীম হোসেন। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে যা বললেন শামীম
নিজের ফেসবুক পোস্টে শামীম হোসেন লেখেন:
"বহু আকাঙ্ক্ষার এই গণতান্ত্রিক সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন সাহেব। সরকারের নিজের ইমেজ ধরে রাখতে হলেও তাকে পরিবর্তন করা জরুরি।"
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা খাতে বিপর্যয় ডেকে আনলে তা স্বভাবতই জনরোষের তৈরি করে। কারণ সরকারের একমাত্র দৃশ্যমান খাতই হচ্ছে শিক্ষা এবং দেশের প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো শিক্ষার্থী রয়েছে।
পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রীর প্রতি বিনীত নিবেদন জানিয়ে তিনি লেখেন, এই মহামান্য শিক্ষামন্ত্রীর হাত থেকে দেশের শিক্ষা খাতকে রক্ষা করা এখন সময়ের দাবি।