মোঃ জানে আলম সাকী,ঢাকা:- ছাত্রত্ব শেষ হওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও সংগঠনটির আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েমসহ ৯ জন কেন্দ্রীয় নেতা। সংগঠনের নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তারা দায়িত্ব থেকে এই অব্যাহতি নেন।
সোমবার (১২ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, "আমাদের বছরে দুইবার ছুটি অর্থাৎ বিদায় হয়। একটা ষাণ্মাসিক, আরেকটি বাৎসরিক। এবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নয়জন বিদায় নিয়েছেন। আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় পর্ষদের মিটিং আছে, সেখানে শূন্য হওয়া এ পদগুলো পুনরায় পূরণ করা হবে।"
ছাত্রশিবির থেকে বিদায় নেওয়া অন্য নেতারা হলেন— কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নূরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
এর আগে সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ছাত্রশিবির থেকে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন আবু সাদিক কায়েম। পোস্টে তিনি লেখেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমার আবেগ আর ভালোবাসার সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।" তিনি আরও উল্লেখ করেন, "সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ (সোমবার) আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সাথে।"
এদিকে ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার পর মূল দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন একাধিক বিদায়ী নেতা।
সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নূরুল হুদা জানান, "আমার জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। আগামীকাল (মঙ্গলবার) ইসলামী ছাত্রশিবিরের পর্ষদ বসবে। এরপর হয়তো বলতে পারব। এখন পর্যন্ত এটুকুই প্ল্যান।"
অনুরূপভাবে সাবেক মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদীও নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "আমি অন্যদের বিষয়টা জানি না। তবে আমি জামায়াতে ইসলামীতে যুক্ত হব।"