মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
নারী উন্নয়ন প্রকল্প’র নামে প্রতারণা! ৫০০ টাকায় গরু, ৩৫০ টাকায় ল্যাপটপের প্রলোভন
  Date : 30-06-2026
 আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি: নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও বিভিন্ন সরকারি-বেসরকারি সহায়তার নামে কুড়িগ্রামে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। ‘নারী উন্নয়ন প্রকল্প’ নামে কথিত একটি সংগঠন ফেসবুকের মাধ্যমে চাকরি, গরু-ছাগল, ঘর, টিউবওয়েল, সেলাই মেশিন, ল্যাপটপ ও আর্থিক সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন উপজেলার নারী ও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
 
অনুসন্ধানে জানা যায়, সংগঠনটির ঠিকানা হিসেবে “আনন্দ বাজার রোড, রাজারহাট, কুড়িগ্রাম” উল্লেখ করা হলেও স্থানীয়ভাবে এমন কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান বা সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত একটি ফেসবুক পেজ থেকেই তাদের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে দেশের বিভিন্ন স্থানে চাকরি প্রদান, ঘর নির্মাণ, গরু-ছাগল বিতরণ ও আর্থিক সহায়তার নানা ছবি পোস্ট করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করা হচ্ছে।
 
ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে মাঠকর্মী, সুপারভাইজারসহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে আবেদন নেওয়া হয়। শুরুতে কোনো টাকা লাগবে না বলা হলেও পরে নিয়োগ নিশ্চিতের কথা বলে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়।
 
শুধু চাকরিই নয়, সদস্য হওয়ার পর বিভিন্ন অনুদান পাওয়ার আশ্বাস দিয়ে আবেদন ফি আদায়ের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, দুই কক্ষের ঘরের জন্য ৫৫০ টাকা, টিউবওয়েলের জন্য ৩০০ টাকা, দুটি বাথরুমের জন্য ৪০০ টাকা, সেলাই মেশিনের জন্য ২৫০ টাকা, ল্যাপটপের জন্য ৩৫০ টাকা, গরুর জন্য ৫০০ টাকা এবং ছাগলের জন্য ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। পাশাপাশি এসব তথ্য কাউকে না জানানোর জন্যও চাপ দেওয়া হয়।
 
ভুক্তভোগীদের দাবি, ‘আফরিন’ পরিচয়ে একটি বিকাশ নম্বরে টাকা নেওয়া হয় এবং লোকমান হোসেন পরিচয়ে একটি মোবাইল নম্বর থেকে যোগাযোগ করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বৈধ পরিচয় পাওয়া যায়নি। ইমুতে কথা বলে বিকাশে টাকা নেওয়ার পর নম্বর ব্লক করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
 
রাজারহাট উপজেলার চাকরিপ্রত্যাশী মোছা. সুমাইয়া পায়েল জানান, ফেসবুকে বিভিন্ন কার্যক্রম দেখে তিনি যোগাযোগ করেন। প্রথমে কোনো টাকা লাগবে না বলা হলেও পরে চাকরি নিশ্চিত করার অজুহাতে অর্থ দাবি করা হয়।
 
তিনি বলেন, “পেজে বিভিন্ন জায়গায় চাকরি ও সহায়তা দেওয়ার ছবি দেখে বিশ্বাস করেছিলাম। পরে চাকরি নিশ্চিতের কথা বলে টাকা চায়।”
 
অভিযোগের বিষয়ে কথিত সংগঠনের দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
 
স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চাকরি ও অনুদানের নামে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে বেকার তরুণী, কলেজপড়ুয়া শিক্ষার্থী ও নিম্ন আয়ের নারীদের লক্ষ্য করে এ ধরনের চক্র সক্রিয় রয়েছে।
 
এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। চাকরি বা অনুদানের নামে কেউ প্রতারণা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অর্থ লেনদেনের আগে প্রতিষ্ঠানটির বৈধতা যাচাই করার জন্য সবাইকে আহ্বান জানাই।”
 
এদিকে ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে প্রতারক চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে আরও অনেক চাকরিপ্রত্যাশী নারী ও সহায়তাপ্রত্যাশী মানুষ প্রতারণার শিকার হতে পারেন।


সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর চট্টগ্রাম-৪ আসনে এখন কী হবে?
পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মানবতা ও আত্মশুদ্ধির মহিমা
নারী উন্নয়ন প্রকল্প’র নামে প্রতারণা! ৫০০ টাকায় গরু, ৩৫০ টাকায় ল্যাপটপের প্রলোভন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308