মােঃ জানে আলম সাকী,ঢাকা:- বাংলাদেশে বর্তমানে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি এবং সর্বশেষ জনশুমারি অনুযায়ী তাদের মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সংসদে সংস্কৃতি মন্ত্রী বলেন, "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর তফসিল (সংশোধিত-১৯) অনুযায়ী দেশে বর্তমানে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।"
জনসংখ্যার পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান, `জনশুমারি ও গৃহগণনা-২০২২` এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তফসিলভুক্ত এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশে তাদের মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। এই সংখ্যাটি দেশের সামগ্রিক জনসংখ্যার প্রায় ১ শতাংশের সমান।