মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেছিলেন। ঘটনার ৫ দিনের মাথায় বৃহস্পতিবার (২৫ জুন) নিজেই মামলাটি প্রত্যাহার করে নেন তিনি।
জালাল আহমেদের পক্ষে প্রত্যাহারের পিটিশন দাখিলকারী আইনজীবী মো. জাফর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জাফর আলী বলেন, "বিষয়টি মীমাংসা হয়েছে। তাই বাদী মামলাটি প্রত্যাহার করতে চান মর্মে জানালে আমরা সেটি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে দরখাস্ত করি।"
তবে এই বিষয়ে জানতে বাদী জালাল আহমেদের মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এর আগে থানায় করা এজাহারে উল্লেখ করা হয়েছিল, মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।