মােঃ জানে আলম সাকী, ঢাকা:- রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, "আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।"
শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে মনোহরদী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় ব্যক্তির মধ্যে অর্থসহায়তা প্রদান করা হয়। স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের নির্বাচিত সংসদ সদস্য।
জামায়াতে ইসলামীর অবস্থান ও স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি
আদ-দ্বীন হাসপাতাল বন্ধের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "জামায়াতের লোকেরা বলে, এটা নাকি বে-ইনসাফ হইছে। কয়েকটা টাকা না কম নিয়া তারা (আদ-দ্বীন হাসপাতাল) মানুষেরে বোকা বানায়। ছয়টা বাচ্চাকে মেরে ফেলছে, ওরা (জামায়াত) এখন তাদের (আদ-দ্বীন হাসপাতাল) পক্ষে নানান কথা বলে। কথা বলুক আর যাই করুক, বাতিল করছি তো করছিই। এই একটা পানিশমেন্টে সারা দেশের প্রাইভেট হাসপাতালগুলো ঠিক হয়ে যাবে।"
তিনি আরও বলেন, "আমরা একটি ব্যতিক্রমী সরকার চালাচ্ছি। দলমত-নির্বিশেষে আমরা সব মানুষের সেবা করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।"
চিকিৎসা ব্যবস্থা সহজ করার নতুন পরিকল্পনা
দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থা সহজ করার পরিকল্পনার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "পাইলোটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সবার চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।"
এছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে চীনের সহযোগিতায় বড় প্রকল্প হাতে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা চীনের সহযোগিতায় ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসাসেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।"
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
মনোহরদী উপজেলা পরিষদের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
- সজীব মিয়া, সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী উপজেলা।
- আমিনুর রহমান সরকার (দোলন), সদস্যসচিব, উপজেলা বিএনপি।
- জাহাঙ্গীর বাদশা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মনোহরদী থানা।
- আবদুল হান্নান, সদস্যসচিব, পৌর বিএনপি প্রমুখ।