খোকন মাহমুদ : রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অলঙ্কার নিকেতন প্রাইভেট লিমিটেডের সাবেক কর্মচারী কৃষ্ণ বশাক ওরফে স্বপন বশাককে গ্রেফতার করেছে সিআইডি। অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে আত্মসাৎ করা হয় প্রায় ৯৪ কোটি ৩৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার।
সিআইডির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্বল্প বেতনের চাকরি করলেও কৃষ্ণ বশাকের নামে পাওয়া গেছে ফ্ল্যাট, স্বর্ণ, শেয়ারবাজারে বিনিয়োগ এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য। তদন্তকারীরা বলছেন, আত্মসাৎ করা স্বর্ণ বিক্রি করেই তিনি নিজস্ব জুয়েলারি ব্যবসা দাঁড় করান।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন দোকান মালিকের ছেলে। পরে মঙ্গলবার (১২ মে) বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের একটি দল। বর্তমানে তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
একজন সাধারণ কর্মচারীর হঠাৎ বিলাসবহুল জীবনযাপন কীভাবে সন্দেহের জন্ম দেয়, এই ঘটনাটি যেন তার বড় উদাহরণ। এখন প্রশ্ন উঠছে, এই আত্মসাতের পেছনে আরও কেউ জড়িত আছে কি না এবং আত্মসাৎ করা স্বর্ণের কতটুকু উদ্ধার করা সম্ভব হবে।