| |
| সাতক্ষীরায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরাঃ- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর মনোরঞ্জন মণ্ডল (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শৈলখালী মাঠের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ‘জাদা-ঘোলের চক’ এলাকার মৃত বেগমবার মণ্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে নিজ কৃষিজমিতে কীটনাশক স্প্রে করতে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মণ্ডল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে সোমবার ভোরে স্থানীয় কৃষকরা শৈলখালী মাঠের একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মনোরঞ্জন মণ্ডলের স্ত্রী একজন বুদ্ধিপ্রতিবন্ধী। এছাড়া তাঁর সন্তানরা জীবিকার তাগিদে বাইরে অবস্থান করায় বাড়িতে একাই ছিলেন তিনি। জমিতে কীটনাশক দিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমান জানান, “ মনোরঞ্জন মণ্ডলের পরিবারে দায়িত্ব নেওয়ার মতো সুস্থ কোনো বড় সদস্য নেই। গত ২২ অক্টোবর জমিতে কীটনাশক দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। আজ সকালে মাঠে তাঁর মরদেহ পাওয়ার খবর শুনতে পাই।” ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
|
| |
|
|
|