মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এই সময় পুলিশ তল্লাশি চালিয়ে আসামির হেফাজত ও তার সহযোগীদের ফেলে যাওয়া ৩টি লোহার ছুরি উদ্ধার ও জব্দ করেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " কে জানান, ১ অক্টোবর রাত আনুমানিক ২৩:১৫ ঘটিকায় (১১:১৫ মিনিট) কক্সবাজার সদর মডেল থানার এসআই মিঠুন পালিত রাত্রিকালীন মোবাইল-থ্রি ডিউটিতে নিয়োজিত ছিলেন। এই সময় গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন যে, কক্সবাজার সদর মডেল থানাধীন ০৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলীস্থ সাত্তারের ঘোনা পাহাড়ের পাদদেশে কয়েকজন অজ্ঞাতনামা ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছে।
সংবাদ প্রাপ্তির সাথে সাথেই পুলিশ পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া, এসআই রিয়াদ ও সঙ্গীয় পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধাওয়া করে ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। তবে বাকি ৪/৫ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হোছন (২৮)। তার পিতার নাম মৃত ছাবের আহাম্মদ এবং মাতার নাম হামিদা বেগম। সে কক্সবাজার সদর থানার মাটিয়া তলী সড়ক এলাকার বাসিন্দা।
অস্ত্র উদ্ধার ও আইনগত ব্যবস্থা:
ঘটনাস্থলে তল্লাশিকালে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে এবং পালিয়ে যাওয়া অজ্ঞাত আসামিদের ফেলে রাখা দেশীয় তৈরি ৩টি লোহার ছুরি উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী।