মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির উদ্যোগে বিপুল পরিমাণ জব্দকৃত আলামত/মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ১৪:৩০ ঘটিকা হতে ১৭:৫৫ ঘটিকা পর্যন্ত এই ধ্বংসকরণ কার্যক্রম পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, মোট ৪৬টি নিষ্পত্তি হওয়া মামলার জব্দকৃত আলামত হিসেবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে:
- ইয়াবা ট্যাবলেট: ১১,৪২,৫৪৩ পিস
- ক্রিস্টাল মেথ (আইস): ১২ কেজি ৯৭৫ গ্রাম
- বিদেশী মদ: ২৬৫ বোতল/ক্যান
বাজেয়াপ্ত ও ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য অর্থাৎ সিজার মূল্য প্রায় ৯৯ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ (নিরানব্বই কোটি একত্রিশ লক্ষ পচাশী হাজার চারশত) টাকা।
উক্ত মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমটি আলামত/মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী-র নেতৃত্বে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. গিয়াস উদ্দিন।
মাদকবিরোধী এই বলিষ্ঠ পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল ও অপরাধ দমন সংস্থাগুলো অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।