মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএনের জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আসামির নাম সৈয়দ হাছান ওরফে হোছন (৪০)। সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাঁচা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া বাজারসংলগ্ন ফারুকের বিকাশ দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মণ্ডলের নির্দেশনায় রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি ও এসআই (নিঃ) নিপুন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা নং-৪০/২৬ (তারিখ ২৬ জুলাই ২০২৬) এবং জিআর নং-৬০৯/১৩ (টেকনাফ) রয়েছে। মামলায় তার বিরুদ্ধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় তিন বছরের সাজা রয়েছে।
গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে।