মােঃ জানে আলম সাকী, ঢাকা:-কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় নাজির হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিদুয়ান নামের এজাহারভুক্ত এক আসামিকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।
নিহতের ভাই ও মামলার বাদী মো. জাগির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তিনি বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে লিখিত এজাহার দাখিল করেন। এতে একই এলাকার শাহজাহানের ছেলে আরিফকে প্রধান আসামি এবং হাজী আব্দুর রহিমের ছেলে সেলিমকে ২ নম্বর আসামি করা হয়েছে।
স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নতুন পল্লান পাড়া এলাকায় পূর্ব শত্রুতা ও তর্কাতর্কির জের ধরে নাজির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের একদল সন্ত্রাসী। ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ভাই জাগির হোসেন বলেন, "আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা থানায় ১৪ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছি। আমরা দ্রুত সব আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।