মােঃ জানে আলম সাকী,ঢাকা:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুযায়ী যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী কোম্পানি বোয়িংয়ের থেকে ১৪টি বিমান কিনছে বাংলাদেশ। একই সঙ্গে ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানি থেকে এয়ারবাসও কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর কাছে ট্রাম্প একটা জিনিস চেয়েছেন— ‘আমাদের বোয়িংগুলো ইউজ করেন’। আমরা করছি, আমরা কিনছি। ১৪টি বোয়িং কেনার পাশাপাশি আরও কিছু বিমান লিজ নেওয়া হবে। এর পাশাপাশি ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানি থেকে যে এয়ারবাস তৈরি হয়, সেখান থেকেও কেনা হবে। আমরা সবকিছুই বাড়াবো, ভালো করবো।”
উল্লেখ্য, মার্কিন অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্পের অবদান তুলে ধরতে গিয়ে সম্প্রতি এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর জানান, ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তির আওতায় বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ৩০ এপ্রিল ৩.৭ বিলিয়ন ডলার (প্রায় ৪৫,৪০৮ কোটি টাকা) ব্যয়ে ১৪টি বোয়িং কেনার চুক্তি করে, যা ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করা হবে।
সমন্বয় সভায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বিমানমন্ত্রী বলেন, “আমরা দেশটাকে উন্নত করবো। যার যার দায়িত্ব সঠিক ও দায়িত্ববানভাবে পালন করলে দেশ এগিয়ে যাবে।”
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “জনবান্ধব কাজ করতে হলে সকলকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। জোরপূর্বক কোনো কিছু করা বা স্বৈরাচারতান্ত্রিক মনোভাব নিয়ে কর্মকর্তাদের হুকুম দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার বিদায় থেকে শিক্ষা না নিলে সবার পরিণতি খারাপ হতে পারে, আর অতীতের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।”
সভায় ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার তদারকির দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী এই অঞ্চলগুলোর সার্বিক উন্নয়নে শতভাগ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।