মােঃ জানে আলম সাকী,ঢাকা:- সারাদেশে ৫০ লাখের বেশি এবং শুধু ঢাকাতেই প্রায় ২০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এতদিন এসব অবৈধ রিকশা বন্ধের উদ্যোগে আন্দোলন ও বিশৃঙ্খলা দেখা দিলেও, এবার অটো রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালার পথে হাঁটছে সরকার।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালার কথা জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধ রিকশাগুলোকে সরাসরি সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আনা হবে।
মূল পদক্ষেপসমূহ:
- ৮ জোনে ৮ রঙ: ঢাকার বিশৃঙ্খলা দূর করতে পুরো রাজধানীকে ৮টি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনের রিকশার জন্য নির্ধারিত থাকবে ৮টি আলাদা রঙ। এক জোনের রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না; নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক: নতুন নীতিমালায় ই-রিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে নতুন তো নয়ই, এমনকি পুরোনো নিবন্ধনও নবায়ন করা হবে না।
রাজধানী ছাড়াও দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা এবং উপজেলা পর্যায় পর্যন্ত এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে।