খোকন মাহমুদ মানবাধিকার খবর প্রতিনিধিঃ- একটি নামাজ, মাত্র কয়েক মিনিটের বিরতি। কিন্তু সেই অল্প সময়েই চিরদিনের জন্য বদলে গেল একটি পরিবারের জীবন। নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর এলাকার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন সড়কে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় প্রাণ হারায় ১২ বছর বয়সী হাবিব। ঘটনাটি ঘটেছে জোহরের নামাজের সময়, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাবিবের বাবা হাসেম মিয়া দীর্ঘদিন ধরে ফেরিঘাটের পাশে আখের রসের দোকান চালান। জোহরের নামাজ আদায় করতে যাওয়ার আগে তিনি ছেলেকে দোকানের সামনে একটি প্লাস্টিকের চেয়ারে বসিয়ে রেখে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন, সিমেন্টবোঝাই একটি ট্রাক তার ছেলেকে চেয়ারসহ চাপা দিয়েছে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন সড়কে ভারী যানবাহনের চলাচল দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ফেরিঘাট এলাকায় পথচারী ও ছোট দোকানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা প্রয়োজন বলে তারা দাবি জানিয়েছেন।
একজন বাবার কাছে কয়েক মিনিটের নামাজ শেষে এমন দৃশ্যের চেয়ে ভয়াবহ আর কী হতে পারে? একটি পরিবারের স্বপ্ন মুহূর্তেই থেমে গেল। এমন মর্মান্তিক দুর্ঘটনা আর যেন কোনো পরিবারকে দেখতে না হয়, সে জন্য সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইন কঠোরভাবে প্রয়োগের দাবি এখন সময়ের প্রয়োজন।
আল্লাহ হাবিবকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমিন।