মোঃ জানে আলম সাকী,ঢাকা:- প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী পায়ে হেঁটেই সেনাবাহিনীর এই প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তাকে কাঁচা রাস্তা, ধানক্ষেত ও জঙ্গল পেরিয়ে সেনা ক্যাম্পে যেতে দেখা যায়। সেখানে গিয়ে তিনি সেনা সদস্যদের খাবারের স্বাদও চোখে দেখেন।
আকস্মিক পরিদর্শন ও রণকৌশল পর্যবেক্ষণ
মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন।
মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবগত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।
সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজ
এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন।
সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা
পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
"দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।"
জাতীয় সংকট মোকাবেলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ
প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন:
- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা।
- জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান।
- মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব।
- বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।