মােঃ জানে আলম সাকী , ঢাকা:- বিদেশ থেকে দেশে ফেরার পরপরই গাজীপুরে একটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়ল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় এই মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে।
রাজেন্দ্রপুরে দেড় শতাধিক কর্মীর ঝটিকা মিছিল
গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলটি গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে বের হয়ে রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। ঝটিকা এই মিছিলে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি অংশ নেন।
`রাজপথ ছাড়ি নাই`— নাসির মোড়ল
মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা নাসির মোড়ল। তিনি বলেন:
"গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।"
পুলিশ প্রশাসন যা বলছে
এ বিষয়ে জানতে চাওয়া হলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, "মিছিলের বিষয়টি আমরা জেনেছি। বিভিন্ন ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।"
অন্যদিকে, গাজীপুর জেলা সদরের জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, "মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন এলাকার ভেতরে ঘটেছে। তবুও খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।"