আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে পুশইনের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১-এস দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। তবে বিএসএফ সদস্যরা তাদেরকে কাঁটাতারসংলগ্ন স্থানে রেখে দেয়।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসানুর রহমান পুশইনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করলেও তা বিজিবির বাধার মুখে সফল হয়নি। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে।