মােঃ জানে আলম সাকী,ঢাকা:- ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)-এর পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে প্রতারণা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)। পৃথক এসব অভিযানে মোট চারজনকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসান-এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)। এ সময় গ্রেফতার মোঃ নাজিম কাজী (৫০)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং হাসান মাহমুদ (৩১)-এর কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার দুজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।
বরিশালে প্রতারণা মামলার দুই আসামি গ্রেফতার
অন্যদিকে, প্রতারণা মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের অংশ হিসেবে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মুলাদী এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)। এ সময় প্রতারণা মামলার দুই আসামি রহিমা বেগম (৩৬) ও মোঃ রফিকুল ইসলাম (৫০)-কে গ্রেফতার করা হয়।
আসামিদের আদালতে সোপর্দ
পুলিশ জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে পৃথক মামলায় এবং প্রতারণা মামলার অপর দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধ এবং প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।