মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকা থেকে চট্টগ্রামের চান্দগাঁও থানার চাঞ্চল্যকর মাদক ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পলাতক আসামি মো: মহিউদ্দিন শরীফকে (২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রাম)।
গোপন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) কক্সবাজারের সুগন্ধা বিচ সংলগ্ন কাসুন্দি হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ দল। এ সময় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরীফ চট্টগ্রামের চান্দগাঁও মোহরা (মৌলভীবাজার, ৯নং পুল, মধ্যম মোহরা, ভোলা খলিফার বাড়ি) এলাকার মৃত নাছেরের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর হামলা বা আক্রমণ, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাজাপ্রাপ্ত ও পলাতক এই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।