মােঃজানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের উখিয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-২, হোয়াইকং ক্যাম্পের একটি চৌকস অভিযান পরিচালনা করে অপহৃত কিশোর মো: জসিম (১৫)-কে উদ্ধার করেছে। এ সময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় উখিয়ার নিজ বাসা থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় গিয়ে নিখোঁজ হয় মো: জসিম। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর একটি অজ্ঞাতনামা নম্বর থেকে অপহৃতের বাবা সৈয়দ আহম্মদের ইমোতে কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করা হয়।
জিডির ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোরে (আনুমানিক ০৪:১০ ঘটিকায়) এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহৃত জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত কিশোর ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রম সম্পাদন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।