মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের ঐতিহ্যবাহী রাখাইন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের (মহাসিনদোগ্রী) শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিগত বছরগুলো ধরে মন্দির ও এর সংলগ্ন এলাকায় চলমান নানা অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড, চুরি- ছিনতাই এবং মাদকের আড্ডা নির্মূল করে বিহারের পবিত্র পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে একমত প্রকাশ করেছেন উপস্থিত ব্যক্তিবর্গ। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী, পূজারী ও আগত পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল (Lutfur Rahman Kazal MP), কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী , কমিউনিটি পুলিশের সভাপতি রফিকুল হুদা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।
নিরাপত্তা নিশ্চিতে হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ চালু:
বিহার এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এবং তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্রুপের মাধ্যমে কোনো অপরাধ বা নিরাপত্তার ঝুঁকির তথ্য পাওয়া মাত্রই সকলে দ্রুত বিহার প্রাঙ্গণে সমবেত হবেন এবং ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় নেতৃবৃন্দ এবং আয়োজকরা এই উদ্যোগ সফল করতে উপস্থিত সংসদ সদস্য, পুলিশ প্রশাসন এবং কমিউনিটি পুলিশের দায়িত্বশীলদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।