মােঃ জানে আলম সাকী, ঢাকা:- জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজার জেলা জাসদের শীর্ষ পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল এবং যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসু। শনিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া অন্য নেতারা হলেন— জেলা জাসদের সহ-সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, জেলা জাসদের সদস্য ও চকরিয়ার বাসিন্দা নুরুল আলম এবং খুরুশকুলের বাসিন্দা জাকির হোসেন।
ঘটনার বিবরণ:
সূত্র জানায়, জেলা জাসদের এই পাঁচ নেতা জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। শনিবার ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন সংক্রান্ত সভা চলাকালীন পুলিশ অভিযান পরিচালনা করে এবং অন্যান্য জাসদ নেতাদের সাথে তাদের আটক করে।
বর্তমানে আটককৃত এই পাঁচ নেতাকে রাজধানীর শাহজাহানপুর থানায় নিয়ে রাখা হয়েছে।