মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:-ঝিনাইদহের মহেশপুর থানাকে মাদক, অপরাধ ও মোবাইল জুয়ামুক্ত করার ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজাদুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মহেশপুর থানা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা, সমাজ থেকে মাদক নির্মূল, অনলাইনে বিস্তৃত মোবাইল জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা দমনের বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি আজাদুর রহমান বলেন, মহেশপুর উপজেলাকে শান্তিময় ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই পুলিশের প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
অপরাধ দমনে পুলিশকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নবাগত ওসি।
মতবিনিময় সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুর হক, জামসেদ আলম বকুল, জাকির হোসেন, জালাল উদ্দীন, শহিদুল ইসলাম, সোহেল রানা, রবিউল ইসলাম, মশিয়ার রহমান টিংকু, সেলিম রেজা, শেখ এনামুল হক দুলু, রাসেল হুসাইন, আরএম রনি, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক রাজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক নেতারা মহেশপুরের সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সব ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।