আদালত প্রতিবেদক:-প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন জমা দিয়েছেন মামলার বাদী। আবেদনটির ওপর শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পিবিআইয়ের দাখিল করা প্রতিবেদনের ওপর অনাস্থা প্রকাশ করে বাদী আদালত সংলগ্ন এলাকায় এই নারাজি আবেদন জমা দেন। এর আগে দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ১০ মে আদালতে প্রতিবেদন দাখিল করেছিল পিবিআই।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, রাজধানীর গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরী নামের এক উদ্যোক্তার একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। অভিযুক্ত তানজিন তিশা একটি বিশেষ অনুষ্ঠানে পরিধানের কথা বলে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ওই স্টুডিও থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। শর্ত অনুযায়ী পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা ফেরত দেননি।
পরবর্তীতে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর শাড়িটি ফেরত চেয়ে সোশ্যাল মিডিয়ার বার্তা পাঠালে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই ঘটনায় নিরাপত্তাহীনতা বোধ করায় বাদী ২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) দায়ের করেছিলেন।