মােঃ জানে আলম সাকী,ঢাকা।
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে।
দুর্নীতির বিবরণ ও কৃষকদের অভিযোগ:
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। যোগদানের মাত্র কয়েকদিনের মাথায়, গত ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বাঁশের খুঁটি ও গোবর সার বিতরণে তিনি ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, কর্মসূচির নিয়ম অনুযায়ী ৫০ টাকা মূল্যের প্রতি পিস বাঁশের খুঁটি বিতরণের কথা থাকলেও, তাদের দেওয়া হয়েছে মাত্র ১০ থেকে ২০ টাকা মূল্যের অত্যন্ত নিম্নমানের খুঁটি। একইভাবে, প্রতিজন কৃষকের জন্য ৬০০ টাকা মূল্যের উন্নতমানের গোবর সার দেওয়ার কথা থাকলেও, তার পরিবর্তে মাত্র ৪৮০ টাকার অত্যন্ত নিম্নমানের সার বিতরণ করা হয়। এভাবে প্রায় ১২ শত কৃষকের মাঝে গাছের চারা বিতরণ প্রকল্পের সরকারি বরাদ্দ থেকে চতুরতার সাথে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন এই কর্মকর্তা।
তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা:
এই নয়ছয় ও লুটপাটের ঘটনা নিয়ে গত ৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে তথ্যবহুল সংবাদ প্রচারিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং ঘটনার তদন্ত শুরু হয়।
তদন্তে অনিয়ম ও দুর্নীতির সত্যতা প্রমাণিত হওয়ায় অবশেষে বহুল আলোচিত এই "বাঁশ ও গোবর সার" কেলেঙ্কারির হোতা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে শাস্তিস্বরূপ তাৎক্ষণিক বদলি বা স্ট্যান্ড রিলিজ করা হলো।