মােঃ জানে আলম সাকী,ঢাকা:- কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানীর একটি উপযুক্ত সড়কের নাম তাঁর নামে রাখার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের আনীত কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করা সম্পর্কিত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে মৌখিকভাবে দেওয়ার কথা সংসদকে জানান।
প্রধানমন্ত্রী বলেন, "যে প্রস্তাবনা বিরোধী দলের নেতা উপস্থাপন করেছেন, গতকালই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি।" একই সঙ্গে বিরোধীদলীয় নেতা এই বিষয়টি সংসদে উত্থাপন করার জন্য সরকারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সাবেক আমিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান দেখিয়ে মূলত কাতারের জনগণের প্রতিই সম্মান প্রদর্শন করা হচ্ছে। কাতার এমন একটি বন্ধুরাষ্ট্র, যা আমাদের জাতীয় উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের অগ্রযাত্রায় বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে এবং এখনো তা অব্যাহত রেখেছে।
তারেক রহমান বলেন, "লাখ লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে যখন জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজে আক্রান্ত হওয়ার পরও আমাদের লাখ লাখ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকের মতো দেখভাল করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করেছে।" তিনি আরও জানান, এসব বিষয় বিবেচনা করেই শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত (হাফ মাস্ট) রাখা হয়েছে।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি সম্প্রতি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। গত রবিবার কাতারের বর্তমান আমিরের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
কাতারের এই মহান নেতার মৃত্যুতে বাংলাদেশ জুড়ে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইতোমধ্যে কাতারের রাজধানী দোহায় গমন করেছেন।