মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরা:- সাতক্ষীরা সদরে যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধ উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, বিভিন্ন প্লাটফর্ম, নেটওয়ার্ক, মিডিয়া ব্যক্তিত্ব, উন্নয়ন কর্মী, যুব প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৬ জুলাই-২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ম্যানগ্রোভ সভাকক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান। প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার ইন্সপেক্টর মো: আশরাফ আলি,স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা ইমাম সমিতির সেক্রেটারী মাহবুবুর রহমান, আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশন সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, পরিবেশ উন্নয়ন সংঘের সভাপতি পল্টু বাসার, টিআইবির প্রকল্প সমন্বয়কারী আল আমিন, সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর,জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি। এসময় উপস্থিত ছিলেন অঞ্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, এডভোকেট বিল্পব হোসেন, মাহিদা মিজান। এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরায় যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যা আমাদের স্বাস্থ্য, জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। পরিবেশ দূষণ রোধ করতে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ অংশীদার এবং এই সমস্যা সমাধানে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার উপর যুব-নেতৃত্বাধীন প্রচারণার ধারাবাহিকতায় এই জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা জরুরি।
এই আয়োজনের অন্যতম লক্ষ্য সাতক্ষীরা শহরকে সুন্দর বর্জ্য-ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মানসম্মত নাগরিক সুবিধা প্রদানের প্রয়াস তৈরী করা। যুব গোষ্ঠীর প্রশিক্ষিত সদস্যদের নিয়ে একটি দল গঠন করা এবং পরিবেশ দূষণ সম্পর্কিত বর্জ্য ব্যবস্থাপনার উপর একটি ধারাবাহিক আন্দোলন পরিচালনা করা ও জনসচেতনতার মাধ্যমে বর্জ্য পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা। এই প্রচারাভিযানে আরও বেশি সংখ্যক লক্ষ্যভুক্ত গোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং জনসচেতনতামূলক প্রচারণার মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসির মাধ্যমে স্থায়ী ডাস্টবিন ও ডাম্পিং স্থাপনের জন্য প্রস্তাব প্রদান করা।আরো উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার আব্দুস সাত্তার, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর স্বপ্না পারভীন প্রমুখ।