মোঃ জানে আলম সাকী,ঢাকা:- নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের পাশাপাশি তাঁকে সরকারের ‘প্রতিমন্ত্রী’ পদমর্যাদা দেওয়া হয়েছে।
গত বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আইরিন খান এই পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘে মত প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত (Special Rapporteur) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।
এর আগে, ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। প্রথম নারী এবং বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক সংস্থাটির নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন’ (আইডিএলও)-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
বৈশ্বিক মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক আইনি সংস্থায় দীর্ঘ কাজের অভিজ্ঞতাসম্পন্ন আইরিন খানের এই নিয়োগ জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।