মােঃ জানে আলম সাকী,ঢাকা:- `ইনকিলাব কালচারাল সেন্টার`-এর শীর্ষ নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা। বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া পৃথক পোস্টে তারা এই তথ্য নিশ্চিত করেন।
পদত্যাগের কারণ ও ওয়ারিশ সংক্রান্ত জটিলতা
আব্দুল্লাহ আল জাবের সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক এবং বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, ফাতিমা তাসনিম জুমা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক।
তাদের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন শহীদ ওসমান হাদি শাহাদাত, তবে তিনি তা শেষ করে যেতে পারেননি। তার মৃত্যুর পর বিগত ছয় মাস ধরে `ওয়ারিশ সংক্রান্ত জটিলতা` সমাধানের চেষ্টা করছিলেন বর্তমান দায়িত্বপ্রাপ্তরা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই বিষয়টিকে কেন্দ্র করে নানাবিধ আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
দায়িত্ব হস্তান্তর ও হিসাব নিকাশ প্রকাশ
শহীদ ওসমান হাদির প্রতি সম্মান রেখে তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং প্রয়োজনীয় দলিল দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের নিকট হস্তান্তর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাবের ও জুমা তাদের পোস্টে জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের পূর্বের সকল অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় হিসাবনিকাশ প্রকাশে কিছুটা জটিলতা ছিল। তবে খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের দায়িত্বকালীন সময়ের সমস্ত আর্থিক হিসাব সাধারণ মানুষের জন্য পাবলিক বা উন্মুক্ত করে দেওয়া হবে।
শেষ বার্তা
ফেসবুক স্ট্যাটাসে আব্দুল্লাহ আল জাবের নিজের অনুভূতি প্রকাশ করে লিখেন:
"আই ডোন্ট থিংক আই হ্যাভ দ্য রাইট টু ক্যারি দিজ বার্ডেনস হোয়াইল আই অ্যাম স্টিল লিভিং অন মাই প্যারেন্টস মানি। আমার বাবা-মা অন্তত এসব দেখা ডিজার্ভ করে না।"
অন্যদিকে, ফাতিমা তাসনিম জুমা সংস্কৃতির লড়াইয়ে যুক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন:
"লড়াইটা আমাদের নিকট মুখ্য, লড়াই চলবে অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো উপায়ে। জিততাই কেবল জীবন নয়, লড়াইটাই জীবন।"
উভয় নেতাই ইনকিলাব কালচারাল সেন্টারের সাথে তাদের যাত্রার সমাপ্তি টেনেছেন এবং সেন্টারের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।