মােঃ জানে আলম সাকী,ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা সাধারণ যাত্রী ও প্রবাসীদের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে বাস বা ‘ফ্রি শাটল সার্ভিস’ চালু করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই জনবান্ধব উদ্যোগটি গ্রহণ করেছে।
বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাজীব সামাদ আনুষ্ঠানিকভাবে এই ফ্রি শাটল সার্ভিসের উদ্বোধন করেন।
কোন কোন রুটে চলবে এই বাস?
বিমানবন্দরে আসা যাত্রীদের যাতায়াত সহজ করতে একটি নির্দিষ্ট রুটে এই শাটল বাসগুলো চলাচল করবে। রুটটি হলো:
- বিমানবন্দর – বিমানবন্দর বাসস্ট্যান্ড – জসিমউদ্দিন মোড় – বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা – বিমানবন্দর।
কারা বেশি উপকৃত হবেন?
বেবিচক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সার্ভিসের ফলে বিমানযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে প্রতিবন্ধী বা সুবিধাবঞ্চিত যাত্রী এবং যারা ভারী লাগেজ বা মালামাল বহন করছেন, তারা এই সার্ভিসের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন।
এই উদ্যোগের ফলে বিমানবন্দরে আসা যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।