মােঃ জানে আলম সাকী, ঢাকা:- ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নূর মোহাম্মদকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আরিফ রেজা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ও রিমান্ডের প্রেক্ষাপট
এর আগে, গত শনিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের মেয়াদ শেষে আজ মামলার তদন্ত কর্মকর্তা (তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সোহেল সরকার) আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন জানান। অপরদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হোসেন জামিন চেয়ে শুনানি করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী ও আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।
অভিযোগ রয়েছে, দেশের পরিস্থিতি অস্থির করা এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আসামিরা লাঠিসোঁটা ও উস্কানিমূলক ব্যানার-প্লেকার্ড নিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটান। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, উস্কানিমূলক ব্যানার, প্লেকার্ড এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।