মােঃ জানে আলম সাকী, ঢাকা। ব্যবসায়িক প্রতিষ্ঠান নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বনানী ডি-ব্লকের একটি বাড়িতে অভিযান চালিয়ে সকাল আনুমানিক ৭টার দিকে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। সাজেদুলের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, গতকাল রাত ১১টায় এই অভিযান শুরু হয়। তবে অভিযানে ভবনে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধার মুখে পড়ে। সে সময় সেখানকার নিরাপত্তাকর্মীরা পুলিশকে কোনো ধরনের সহযোগিতা করেননি।